দেশের রাজনৈতিক সচেতন মানুষের নজর এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দিকে। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সিটির ভোটগ্রহণ। এর আগে আজই প্রচারের সময় শেষ হচ্ছে। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার। অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও আছেন মাঠে। সব মিলিয়ে এই সিটির ভোটকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে একইসঙ্গে ভোটকে ঘিরে অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। এজন্য উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে আছে আইনশৃংখলাবাহিনী। সতর্ক অবস্থানে আছে নির্বাচন কমিশনও।
সূত্রমতে, নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে এখন ভোটের অঙ্ক মেলাতে ব্যস্ত মেয়র পদে মূল দুই প্রতিদ্বন্দ্বী আইভী ও তৈমূরের সমর্থকরা। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কোনটিতে নিজেরা সুবিধাজনক অবস্থানে আছেন, কোনটিতে পিছিয়ে আছেন, তার তথ্য বিশ্লেষণ করছে দুই পক্ষই। প্রার্থী ও তাদের এজেন্টরাও ভোটারদের সমর্থন ধরে রাখতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ভোটের সমীকরণ নৌকার দিকে যাচ্ছে-আইভী: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ভোটের সমীকরণ নৌকার দিকে যাচ্ছে। আগেও ছিল নৌকার পক্ষে, এখনও আছে, আগামী দুই দিনও থাকবে। ১৬ তারিখ সবাই নৌকায় ভোট দেবেন। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতির দিকে যায়, তাহলে প্রশাসন তো আছে, নিশ্চয়ই তারা দেখবে। এখানে যৌথ প্রশাসন কাজ করছে, এটা তারা দেখবে। আমার এটা দেখার সময় নেই। আমার এখন জনগণের কাছে যেতে হবে। জনতার ভোট চাইতে হবে।
তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের আগে একটু সমস্যা হতেই পারে। আমি মনে করি এজন্য প্রশাসন অত্যন্ত সচেতন। তারা এগুলো দেখাশোনা করবে। আমার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। এর আগেও তিনটা নির্বাচন হয়েছে সেখানেও টানটান উত্তেজনা ছিল। কিন্তু দিন শেষে, রাত শেষে সবাই ভোট দিতে গেছে, ভোটের পরিবেশ খুব সুন্দর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব নারায়ণগঞ্জের পরিবেশ যেন এমন সুন্দর থাকে। সেই ব্যবস্থা যেন তারা করে।
নতুন ভোটারদের যেরকম চাহিদা। তারা যেমন চায় খেলার মাঠ, পার্ক, খোলা জায়গা। এসব বিষয়ে আমি ব্যাপক কাজ করেছি। আরও ভবিষ্যতে করব। নতুন ভোটাররা কিন্তু অনেক সচেতন। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েভ সাইটে গেলেই কর্মসূচিগুলো দেখতে পারবে। সেখানে দেওয়া আছে সব। আমরা একের পর এক কাজ করে যাচ্ছি। তাছাড়া নতুন প্রজন্ম মনে করে আমি সততা দিয়ে, ইমানের সহিত, নিষ্ঠা দিয়ে, দলের কর্মী হিসাবে দায়িত্ব পালন করেছি। তদ্রƒপ দলমতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। নতুন ভোটাররা এগুলো পছন্দ করে। আমি পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে কথা বলি, মিথ্যার কখনও আশ্রয় নেই না। এ জন্য নতুন ভোটার না আমাকেই ভোট দেবে। কাকে গ্রেপ্তার করছে আমি জানি না। সেটা আইনশৃঙ্খলা বাহিনী জানে। আমি সহিংসতা করি না। কাউকে কিছু করতে নির্দেশও দিই না। সরকারদলীয় প্রার্থী হিসাবে বেশি সুবিধা কখনও পাইনি, এবারও পাই না।
গণজোয়ার আমার পক্ষে-তৈমূর: এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন- আমরা ইউনাইটেড, কিন্তু সরকারি দল ডিভাইডেড। আওয়ামী লীগের যারা সরকারি দলের পক্ষে যাচ্ছে না, তাদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের হয়রানি করা হচ্ছে। তাদেরও ধমক দেওয়া হচ্ছে। এজন্য এমপি সাহেব বলেছেন- ধমক দিয়ে, ভয় দেখিয়ে, কমিটি ভেঙে দিয়ে ভোট পাওয়া যায় না। পুলিশি অ্যাকশন থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড কেমন করে থাকবে। লেভেল প্লেয়িং ফিল্ড নাই। পুলিশি অ্যাকশন চলছে। অ্যাকশন প্রতিহত করা হবে। জনগণ প্রতিহত করবে। গণজোয়ার আমার পক্ষে আছে সেটা শেষ পর্যন্ত থাকবে। জনগণ ভোট দিতে আসবে আমরা ভোটের মাঠে থাকবো। জনগণের পক্ষ থেকে কোনো সহিংসতার আশঙ্কা করছি না। পুলিশি অ্যাকশনটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে মনে হচ্ছে। এজন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনার হস্তক্ষেপ কামনা করছি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আহ্বান করে লাভ নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করতে চাই। নারায়ণগঞ্জ বিভিন্ন আন্দোলন সংগ্রামপর সূতিকাগার। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লে এটা বুঝা যায়। তিনি যেন নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটান। পুলিশ যেন আমাদের ওপর নির্যাতনটা না করে এবং পুলিশ যদি নির্যাতন বন্ধ করে নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে আমি মনেকরি মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। গতকাল বৃহস্পতিবার ১৩ জানুয়ারি দুপুরে শহরের দিগুবাবু বাজারে গণসংযোগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোট কেন্দ্রে মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ নির্বাচনে ইভিএম’এ ভোট দিবেন ভোটাররা।
এর আগে, গত ২০১৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন ডা. সেলিনা হায়াত আইভী। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন সেলিনা হায়াৎ আইভী।