নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের শেষ দিনে শুক্রবার ব্যাপক শোডাউন করেছেন আওয়ামী লীগের মেয়র মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নগরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে আয়োজন করা হয় প্রচার সমাবেশ। সেখান একটি মিছিল বের হয়ে চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ওই সড়কে বেশ যানজটের সৃষ্টি হয়।
পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবারও পাঁচ বছর নগরবাসীর সেবা করার সুযোগ চাইলেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, যেকোনো সময় আমার জীবনে কিছু ঘটতে পারে। আমার নিজের জীবন বাজি রেখেছি, আমার বাবার মতো আপনাদের খেদমত করার সুযোগ দিন আমাকে। তিনি বলেন, এই শহরের মাটি ও মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার বাবা আলী আহাম্মদ চুনকাও এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। নগরবাসীর উদ্দেশে আইভী বলেন, ‘আমি আপনাদের ডাকে ছুটে এসেছি, দীর্ঘ ১৮ বছর আপনাদের কল্যাণে কাজ করেছি।
আইভী বলেন, আবারও দরবারে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি শান্তির বার্তা নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এই নৌকা আইভীর নৌকা, এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা, এই নৌকা হজরত নূহ (আ.) নৌকা, এই নৌকা একাত্তরের নৌকা, এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা...। এই নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই, কারও নেই।
আইভী বলেন, ১৬ জানুয়ারি আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা এই নারায়ণগঞ্জ নারী-শিশুবান্ধব, পরিবেশবান্ধব নগরীর গড়ার জন্য আমাকে আবারও পাঁচ বছর সেবা করার সুযোগ দিন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র প্রার্থী আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ।