ছাত্রীদের আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে দাবি পূরণে একদিন সময় দিয়ে আন্দোলন স্থগিত করেন ছাত্রীরা।
আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজুন্নেসা হলের বর্তমান সহকারী প্রাধ্যক্ষ যোবাইদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। জাফরিন লিজা বর্তমানে ছুটিতে আছেন বলে তিনি জানিয়েছেন।
এর আগে বিকেল চারটার দিকে আন্দোলনরত ছাত্রীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে শনিবার সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। সংবাদ সম্মেলন তাঁরা বলেন, শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে তাঁদের প্রধান দাবি মানতে হবে; অর্থাৎ জাফরিন লিজাকে পরিবর্তন করে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিতে হবে। তা না হলে ছাত্রীরা হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
এরপর আজ দুপুর ১২টা থেকে আন্দোলনরত ছাত্রীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে ভিসি বৈঠক করেন। বৈঠকে ছাত্রীদের প্রতিনিধিদল ভিসির কাছে একটি লিখিত অভিযোগ উত্থাপন করে তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ।
বৈঠক শেষে বেলা একটার দিকে ভিসি কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধিদলের সদস্যরা বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে পুনরায় ছাত্রীদের নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এক পর্যায়ে একদিনের আল্টিমেটাম দিয়ে কর্মসুচি স্থগিত করেন তারা।