নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৬৭ হাজার ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
রোববার দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে মধ্যরাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ ফল ঘোষণা দেওয়া হয়।
মোট ১৯২টি কেন্দ্রের সবগুলোর ফলে দেখা যায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।
মেয়র প্রার্থীদের মধ্যে এবিএম সিরাজুল মামুন (খেলাফত মজলিস) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, মাছুম বিল্লাহ (ইসলামী আন্দোলন) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, কামরুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট, জসীম উদ্দিন (খেলাফত আন্দোলন) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট, রাশেদ ফেরদৌস (কল্যাণ পার্টি) পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট।
নাসিক নির্বাচনে এবার ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার। আর সম্পূর্ণ ভোটই গ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।