উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫টি ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এ তথ্য জানান।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে ছয়টা দশ মিনিট পর্যন্ত।
২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। দুই প্যানেলের প্রার্থীরাই ভোটারদের সমর্থন পেতে শেষ তৎপরতা চালান।
এ ভোটকে ঘিরে এফডিসি এলাকায় প্রার্থী ও ভোটার সহ চলচ্চিত্র তারকাদের মিলন মেলায় পরিণত হয়। ভোট দিতে গিয়ে অনেকেই কুশলবিনিময়ের পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন। অনেকে আবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া দিতে ব্যস্ত ছিলেন।
তবে নির্বাচনে বেশ কয়েকজন তারকা শিল্পী ভোট দিতে এফডিসিতে যাননি। তাদের মধ্যে আছেন প্রবীণ অভিনেতা সোহেল রানা। যিনি সম্প্রতি করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও পুরোপুরি সুস্থ নন। করোনায় আক্রান্ত প্রায় দুই সপ্তাহ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা-প্রযোজক।
এছাড়া চিত্রনায়ক ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খান গত ডিসেম্বরের শুরু থেকে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাই শর্ত মতো তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। যার কারণে তিনি দেশে আসেননি শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে।