শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেজর সিনহা হত্যা মামলা

    প্রদীপ ও লিয়াকতের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

    চার পুলিশ এবং তিন এপিবিএন সদস্য বেকসুর খালাস

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জানুয়ারী, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    প্রদীপ ও লিয়াকতের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন
    প্রদীপ ও লিয়াকতের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

    অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বহুল আলোচিত মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দিয়েছেন আদালত। সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

    মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার বিকালে জনাকীর্ণ আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

    আইনি বাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে দেড় বছর আগে সিনহা মো. রাশেদ খানকে হত্যার যে ঘটনা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল, সেই মামলার এ রায়কে ঘিরে সোমবার দিনভর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ ছিল ব্যাপক সরব। সারাদেশের মানুষের নজর ছিল এই রায়ের দিকে। এদিন গণমাধ্যমকর্মীরাও ছিলেন কর্মব্যস্ত।

    বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ৩০০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে’ হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। আর তাতে আট আসামির সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

    ধূসর জ্যাকেট পরে কাঠগড়ায় থাকা প্রদীপ এবং তার পাশে থাকা লিয়াকতের মুখে এ সময় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে যাবজ্জীবন সাজা পাওয়া ছয় আসামির মধ্যে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, কয়েকজন উচ্চস্বরে প্রতিবাদ জানান।

    আদালতে প্রদীপ


    রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রদীপের আইনজীবী মহিউদ্দিন খান বলেন, আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাব।

    সিনহার বোন, এ মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস তার স্বামীকে নিয়ে রায় শুনতে এসেছিলেন কক্সবাজারের আদালতে। প্রধান দুই আসামির সর্বোচ্চ সাজার রায় আসায় আংশিক প্রত্যাশা পূরণ হওয়ার কথা বলেছেন তিনি। শারমিন বলেন, প্রথম থেকে আমরা ওসি প্রদীপ ও লিয়াকতের সর্বোচ্চ সাজা দাবি করেছি। সেটা আজকে রায়ে দেখেছি, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তবে যে সাতজন একদম খালাস পেয়েছেন, তাদের কিছুটা সাজা হলেও দেওয়া যেত। কারণ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা ছিল। সেটা হলে প্রত্যাশা বেশি পূরণ হত।

    এক প্রশ্নের উত্তরে সিনহার বোন বলেন, সেদিনই আমরা সন্তুষ্ট হব, যেদিন সাজা কার্যকর হবে। সাতজনের খালাসের বিরুদ্ধে আপলি করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    অন্যদিকে খালাস পাওয়া তিনি এপিবিএন সদস্যের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। প্রমাণ হয়েছে যে,এই দেশে আইনের শাসন আছে, ন্যায়বিচার আছে। এই ন্যায়বিচারের নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল।

    অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। এই রায় প্রমাণ করল, দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। যখন রায় যখন কার্যকর হবে তখন পুরোপুরিভাবে সন্তুষ্ট হব।


    সাজা পেলেন যারা:
    মৃত্যুদণ্ড: টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।

    যাবজ্জীবন: বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নন্দ দুলাল রক্ষিত, টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা ও এএসআই সাগর দেব এবং সিনহার সঙ্গীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তিন সাক্ষী, পুলিশের সোর্স নুরুল আমিন, নেজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

    খালাস: বাহারছড়া তদন্ত কেন্দ্রের কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন, এএসআই মো. লিটন মিয়া, এবং এপিবিএন এর এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ।

     

    সিনহা হত্যায় জড়িত ছিলেন যারা: করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে। তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর একদল তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন।
    ওই হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসে, মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কীভাবে বন্দুকযুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন পোশাকী বাহিনীর কর্মকর্তা প্রদীপ।
    তথ্যচিত্র নির্মাণে কক্সবাজারে গিয়ে সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের উপর ওসি প্রদীপের ‘অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের কাহিনী’ জেনে গিয়েছিলেন। এরপর বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয়। প্রদীপের নির্দেশে সিনহাকে গুলি করেন লিয়াকত। বাকিরা তাদের সহযোগিতা করেন।
    সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা খুন হওয়ার পর প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ক্ষোভ নিয়ে এসেছিলেন প্রকাশ্যে।
    সেই পরিস্থিতিতে সেনাপ্রধান ও পুলিশ প্রধান ঘটনাস্থলে গিয়ে বিরল এক সংবাদ সম্মেলনে একসঙ্গে বসে রাষ্ট্রীয় দুই বাহিনীর মধ্যকার সম্পর্কে অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    তার এক মাসের মধ্যে কক্সবাজারের পুলিশ প্রশাসন সম্পূর্ণ বদলে ফেলা হয়। সব পরিদর্শককে সরানোর পর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সহস্রাধিক পুলিশ সদস্যকে বদলি করা হয়। সেই ঘটনার পর কথিত বন্দুকযুদ্ধের ঘটনাও কমে যায় লক্ষ্যণীয় হারে। সিনহা হত্যার আগের সাত মাসে যেখানে ১৮৪ জন মারা গিয়েছিলেন; পরের পাঁচ মাসে তা চারজনে নেমে আসে।

    হত্যাকাণ্ডের ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস যে মামলা করেন, তার কাজও চলে দ্রুত গতিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর র‌্যাব তদন্তভার নিয়ে পাঁচ মাসে অভিযোগপত্র দেওয়ার পর অভিযোগ গঠন করে ২৯ কার্যদিবসে শুনানি করে গত ১২ জানুয়ারি রায়ের দিন ঠিক করে দেন বিচারক ইসমাইল।

    ৩৬ বছর বয়সী সিনহা ছিলেন রোমাঞ্চপ্রিয় এক যুবক। খুন হওয়ার দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছাড়েন অন্যভাবে জীবন শুরু করার জন্য।
    ছোটবেলা থেকেই ছিল ভ্রমণের শখ, ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গিয়েছিলেন কক্সবাজারে। তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। সিনহার মৃত্যুর পর তাদেরও নির্যাতন ও হয়রানিতে ফেলেছিল পুলিশ।

    ২০২০ সালের ৩১ জুলাই সিনহা হত্যাকাণ্ডের পর ৫ অগাস্ট ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ নয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বোন।

    সাড়ে চার মাস পর ১৩ ডিসেম্বর র‌্যাব-১৫ কক্সবাজারের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছর ২০২১ সালের ২৭ জুন সব আসামির উপস্থিতিতে বিচারক ইসমাইল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

    প্রায় দুই মাস পর ২৩ অগাস্ট বাদী শারমিন ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় মোট সাক্ষী ছিলেন ৮৩ জন। তার মধ্যে নয়জন প্রত্যক্ষদর্শীসহ ৬৫ জনের সাক্ষ্য নিয়ে রায় দিল আদালত।

    একনজরে মামলা:
    মামলা দায়ের: ২০২০ সালের ৫ অগাস্ট কক্সবাজারের আদালতে। নয়জনকে আসামি করে।
    বাদী: সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
    অভিযোগপত্র দাখিল: ২০২০ সালের ১৩ ডিসেম্বর। ১৫ জনকে আসামি করে।
    তদন্ত কর্মকর্তা: র‍্যাব-১৫ এর কর্মকর্তা জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ খায়রুল ইসলাম। তার আগে তদন্ত করেছিলেন র‌্যাব কর্মকর্তা এসএসপি জামিলুল হক।
    অভিযোগ গঠন:  ২০২১ সালের ৩১ জুলাই। সব আসামির উপস্থিতিতে।
    সাক্ষ্যগ্রহণ শুরু: ২০২১ সালের ২৩ অগাস্ট।
    মোট সাক্ষী: ৮৩ জন। সাক্ষ্য নেওয়া হয়েছে ৬৫ জনের। তাদের নয়জন প্রত্যক্ষদর্শী।
    সর্বশেষ সাক্ষী: তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম।
    রায়ের আগে মানববন্ধন, শেষে হাসি আর কান্না

    সাবেক মেজর সিনহা


    আদালতে ভিড়: সিনহা হত্যা মামলার রায় জানতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেছিল কয়েক হাজার মানুষ, তাদের মধ্যে ছিলেন বিভিন্ন সময় কথিত বন্দুকযুদ্ধে নিহতদের স্বজনরাও। এক পর্যায়ে আদালত ভবনের প্রবেশ পথে দুটি ব্যানার নিয়ে ৩০-৪০ জন দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন। ‘ওসি প্রদীপের ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন তারা।


    রায় ঘিরে সকাল থেকেই আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আশেপাশের বিভিন্ন এলাকায় মোট ৬টি চেকপোস্ট বসায় পুলিশ।   আদালতের সামনের প্রাঙ্গনসহ প্রবেশপথ ও আশেপাশে পুলিশ সদস্যরা অবস্থান নেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম আদালত এলাকা ঘুরে দেখে যান।

    এ মামলার রায় সকালেই ঘোষণা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে দুপুরে সময় রাখা হয়। বেলা ২টা বাজার কয়েক মিনিট আগে ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

    তাদের ভ্যান থেকে নামানোর সময়ও লিয়াকত-প্রদীপের বিরুদ্ধে স্লোগান দেন ভিড়ের মধ্যে দাঁড়ানো কয়েকজন। আসামিদের এজলাসে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানোর পর বেলা ২টা ২৪ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক।

    বেলা ৪টা ২০ মিনিটে সাজা ঘোষণার পর আসামিদের পুলিশ প্রহরায় আবার প্রিজন ভ্যানে তোলা হয়। দণ্ডিতদের স্বজনদের সেখানে চিৎকার করে কাঁদতে দেখা যায়। অন্যদিকে আবার কথিত বন্দুকযুদ্ধের ভুক্তভোগী পরিবারের সদস্যরা রায়কে স্বাগত জানান।

    তাদের একজন টেকনাফ রাজাপালং ইউনিয়নের সদস্য বেলাল উদ্দিনবলেন, ২০২০ সালের ২৪ জুলাই বাড়িতে ঢুকে আবার বাবা বখতেয়ার মেম্বারকে ওসি প্রদীপের নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হয়। তারা বলেছিল একটা লোককে চিনিয়ে দিতে হবে। পরের দিন রাত ১টায় বাবাকে ক্রসফায়ারের কথা বলে খুন করা হয়। রায় শুনে আমি খুশি। আশা করব যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

    অন্যদিকে যাবজ্জীবন সাজায় দণ্ডিত আয়াজের বোন কাঁদতে কাঁদতে বলেন, আয়াজ আমার সোনা ভাই। তার কোনো দোষ নাই। সে তো যেখানে খুন হয়েছে সেখানে যায়নি। তার কাছে কিছু পায়ওনি, তাহলে তার কেন সাজা হল?

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রুবেল শর্মার ছোট ভাই রাহুল শর্মা বলেন, কেউ দোষ করলে অবশ্যই সাজা হোক। আমার ভাই ঊর্ধ্বতনের নির্দেশে দায়িত্ব পালন করেছে মাত্র। তার কোনো দোষ নেই।

    আর খালাস হওয়া আবদুল্লাহ আল মামুনের বাবা আনন্দে স্বজনদের জড়িয়ে ধরে বলতে থাকেন, আমার ছেলে খালাস পাইছে। সে নির্দোষ, নিরপরাধ। সে ডিউটি করতে গিয়েছিল। কিছু জানত না।




    জাতীয় - এর আরো খবর