মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির এক যৌথসভা বুধবার (১৬ ফেব্রুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন উপ-কমিটির আহবায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। অমর একুশে উদ্যাপনের সার্বিক প্রস্তুতিতে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চলমান বৈশ্বিক মহামারী ‘কোভিড-১৯’-এর কারণে কেন্দ্রীয় শহিদ মিনারে জনসমাগম এড়াতে এবছর সকলকে সচেতন থাকতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আগত সকলের করোনা টিকা নেয়ার সনদ সাথে রাখতে হবে। অমর একুশে উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।