ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির “মাদকের ভয়াবহতা, যুব সমাজের নৈতিক সংকট-সমাধানে করণীয়” শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক) বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ২১ বছরের ছেলেদের মদের লাইসেন্স ও ১০০ জন লাইসেন্সধারীদের জন্য মদের বার অনুমোদন দিয়ে দেশের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মদের লাইসেন্স দেওয়ার এ সিদ্ধান্ত থেকে সরকার বিরত না হলে দেশের জনগণ গভীর সংকটে পড়বে।
তিনি মুসলিম প্রধান দেশের সরকারকে অবিলম্বে এধরনের ঘৃণিত এবং হঠকারী দেশ বিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। প্রয়োজনে দেশের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মদের লাইসেন্স ও অনুমোদন রুখে দিতে হবে। তিনি মদের লাইসেন্স বাতিল করতে অগ্রণী ভূমিকা পালন করতে সকল মুসলমানের প্রতি উদাত্ব আহবান জানান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন এর সেক্রেটারি জেনারেল মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, বিশিষ্ট আলেমেদ্বীন ড. মুফতি আবু ইউসুফ খান, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন প্রফসর মাহবুবুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে’র) সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রফসর ড. আব্দুল মান্নান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ রফিকুল ইসলাম মিয়াজি, ড. মুফতি জাকারিয়া নুর, অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান প্রমুখ।
ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে গোল টেবিল বৈঠক থেকে ৩টি দাবি পেশ করা হয়। যথা: ক. দেশের প্রকৃত উন্নয়নে যুব সমাজ গঠনে সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে, খ. সুখি সমৃৃদ্ধ জাতি গঠনে নৈতিক শিক্ষার পরিবেশ দিতে হবে, গ. কুরআন ও হাদিসের আলোকে হারাম হালাল নিষিদ্ধ বিষয় গুলো বিবেচনায় রাখতে হবে। মুসলিম প্রধান দেশে সাধারণ মানুষের প্রকৃত চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণে সরকারকে আরও সচেতন হতে হবে।
বক্তাগণ বলেন, কুরআনের সূরা আল-মায়েদার ৯০নং আয়াত আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন: “হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও।” সুতরাং মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের মানুষের ঈমান আমল ধ্বংসের এ জাতীয় কর্মকান্ড থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে।