হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে অবশেষে জায়েদ খানই বসলেন বাংলাদেশের চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে। তবে রায় অনুয়ায়ী বুধবার জায়েদ খান সমিতির দপ্তরে বসতে গেলে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশের অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে গত এক মাস বসে আসা নিপুণ আক্তার এফডিসিতে গেলেও শিল্পী সমিতির কার্যালয়ে তাকে দেখা যায়নি।
বুধবার (২ মার্চ) হাই কোর্টের রায়ে বলা হয়, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান দায়িত্ব পালন করবেন। রায়ের পর সন্ধ্যায় এফডিসিতে উপস্থিত হন অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী নিপুণও তখন যান এফডিসিতে।
জায়েদ খানের সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। অন্যদিকে আরেক পক্ষ জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে এক পর্যায়ে জায়েদ খানের বাক-বিতণ্ডাও ঘটে। এরপর পৌনে ৭টায় এফডিসিতে পুলিশের ঝটিকা অভিযান চলে।
উপস্থিত একজন বলেন, হঠাৎ পুলিশ আসার পর এফডিসি ফাঁকা হয়ে যায়। ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ ঢুকতেই বহিরাগত অনেককে দৌড়ে পালাতে দেখা যায়।
অভিযান শেষে যাওয়ার আগে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, এটা কেপিআইভুক্ত এলাকা। নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এফডিসিতে এসেছিলাম। বিশেষ কোনো অভিযান ছিল না।
রাত ৯টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে জায়েদ খান ও তার অনুসারীদের দেখা যায়। তবে নিপুণকে দেখা যায়নি।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল গত ২৮ জানুয়ারি, পরদিন ঘোষিত ফলে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনকে এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের সময়ই টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছিলেন ইলিয়া কাঞ্চনের প্যানেলের প্রার্থী নিপুণ। তাতে সাড়া না পেয়ে তিনি আপিল করেন।
জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার ‘প্রমাণ পাওয়ার’ কথা জানিয়ে আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিলের ঘোষণা করে। এরপর শপথ নিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ।
আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান যান আদালতে। তাতে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে দেয় হাই কোর্ট, রুলও জারি করা হয়। সেই রুলের উপর শুনানি শেষে হাই কোর্ট বুধবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল ‘অবৈধ’ ঘোষণা করে রায় দেয়।