সশস্ত্র সংঘাতের মধ্যে ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকেপড়া ২৮ বাংলাাদেশী নাবিককে বৃহস্পতিবার নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানান।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাজটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে তিনি একথা বলেন। গত বুধবার জাহাজটিতে মিসাইল হামলায় হাদিসুর রহমান নামে একজন বাংলাদেশী নাবিক নিহত হয়।
পোলান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় আটকেপড়া নাবিকদের সরিয়ে নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহসহ জাহাজের নাবিকদের ইউক্রেন থেকে সীমান্তবর্তী কোন দেশে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে।
এদিকে ঢাকাস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে সশস্ত্র সংঘাতের মধ্যে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে এক নাবিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।