দেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টায় তুলনায় করোনায় নতুন রোগী কমেছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৩ মার্চ সকাল ৮টা থেকে ৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৪ জন এবং মারা গেছেন ৬ জন। গত ৩ মার্চ বৃহস্পতিবার অধিদপ্তর ৬৫৭ জন শনাক্ত এবং ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তে হার ৩ দশমিক ২০ শতাংশ। গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩ শতাংশের নিচে, অর্থাৎ ২ দশমিক ৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬০৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন এবং মারা যাওয়া ছয় জনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৪০৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯৬৪টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৯০টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ তিন হাজার ৩৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ৮৬ হাজার ১২টি। দেশে নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে পুরুষ তিন জন এবং নারী তিন জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৫৩ জন এবং নারী ১০ হাজার ৫১১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছর আর ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন দুই জন করে এবং ২১ থেকে ৩০ বছর ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন করে।
অধিদপ্তর জানায়, মারা যাওয়া ছয় জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিন জন আর বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুই জন এবং সিলেট বিভাগের আছেন একজন। তাদের মধ্যে পাঁচ জন সরকারি হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।