বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এ (রুমি) আলী। বিয়াকের স্পন্সর আইসিসি-বাংলাদেশ থেকে মনোনীত হয়ে মোহাম্মদ এ (রুমি) আলী ৫ মার্চ বিয়াকের ৩৫তম সভায় বিয়াক বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
এ পদের আগে, মোহাম্মদ এ (রুমি) আলী ২০১৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিয়াকের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে তার উদ্যোগে বিয়াক বিদেশী প্রশিক্ষণসহ সেমিনার, সম্মেলন, আন্তর্জাতিক আরবিট্রেশন প্রতিযোগিতা সফলতার সঙ্গে আয়োজন করেছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক এডিআর কেন্দ্র, সরকারি সংস্থা, ব্যবসায়িক সংস্থা এবং আর্থিক খাতের সঙ্গে বিয়াকের সহযোগিতা স্থাপনের ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য।
বিয়াক বোর্ড আশা করে, বিয়াকের মিশনের অঙ্গীকার বজায় রাখার লক্ষ্যে বোর্ডের সহকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে তিনি বিয়াকের অপারেশনাল বিষয়গুলোতে তার মূল্যবান পরামর্শ ও সহায়তা প্রদান করবেন।
এর আগে মোহাম্মদ এ (রুমি) আলী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, দেশের প্রথম মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ব্র্যাক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে মোহাম্মদ এ (রুমি) আলী এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিয়াক দেশের প্রথম এবং একমাত্র এডিআর প্রতিষ্ঠান। বিয়াক অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত এবং সরকার থেকে প্রাপ্ত লাইসেন্সের অধীনে এপ্রিল ২০১১ সালে কার্যক্রম শুরু করে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা বিয়াকের প্রতিষ্ঠাতা।