দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২২টি ভাষায় অনুবাদ হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ । আন্তর্জাতিক সংগঠন সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল) এই অনুবাদের কাজটি করেছে। আজ মঙ্গলবার অমর একুশে বইমেলায় এ ভাষণসংবলিত একটি বইয়ের প্রকাশনা হবে। দেশে প্রথমবারের মত এতগুলো জাতিগোষ্ঠীর মাতৃভাষায় বঙ্গবন্ধুর এ ভাষণের অনুবাদ হলো।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটির শুরুর দুই বাক্য হলো, ‘আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন, সবই বোঝেন।’ বিষ্ণুপ্রিয়াদের ভাষায় এই দুই বাক্য হচ্ছে- ‘আজি নুংসি নুপাং মনহান্ন আপনাগাছির মুঙে আহিলু। আপনাগাছি হাবিয়ৌ হারপারাইতা বারো বুঝরাইতা।’
যে ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ হয়েছে, সেগুলো হলো বম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চাকমা, গারো, হাজং, খাসি, খিয়াং, কোচ, কোল, লুসাই, মাহালে, মেইতে মণিপুরি, ম্রো, মুন্ডা, ওঁরাও কুরুখ, ওঁরাও সাদ্রি, পাহাড়ি, পাংখোয়া, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও কোডা। সংখ্যায় বেশি বা পরিচিত চাকমা, গারো, সাঁওতাল ভাষার পাশাপাশি সংখ্যা একেবারে কম পাংখোয় এবং কোডাদের ভাষায় এ ভাষণ অনুবাদ হয়েছে।
৭ মার্চের ভাষণকে ২২ ভাষায় অনুবাদের এ উদ্যোগকে খুবই তাৎপর্যপূর্ণ বলছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘যে কাজ করা উচিত ছিল বাংলাদেশের স্বাধীনতার পরপরই, তা করা হলো স্বাধীনতার ৫০ বছর পর। কিন্তু যত দেরিই হোক, এর মাধ্যমে দেশের বাংলাভাষী নন, এমন জাতির মানুষের কাছে আমাদের দায় কিছুটা হলেও শোধ হলো।’
সূত্রমতে,২০১৭ সালে ইউনেসকোর একটি উপদেষ্টা কমিটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় । সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সুরক্ষায় গবেষণার কাজ করে। বিশেষ করে যেসব ভাষা বিপন্ন, সেগুলোর প্রয়োজনমতো বর্ণমালা বা ব্যাকরণ তৈরির কাজও করে প্রতিষ্ঠানটি।
২২ ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ প্রকাশের কারণ প্রসঙ্গে সিলের কান্ট্রি ডিরেক্টর কর্নেলিয়াস টুডু বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের কাছে গর্ব আর সাহসের দলিল। বাংলাদেশের প্রান্তিক মানুষ নিজেদের ভাষায় এসব সাহসী উচ্চারণ করবে, এটা আমাদের প্রত্যাশা। দ্বিতীয় বিষয় হলো, এসব মানুষ তাদের নিজের ভাষার গুরুত্ব খুঁজে পাবে। তারাও যে জাতীয় উন্নয়ন ও ঐতিহ্যের, এটা ভেবে তারা গর্ব অনুভব করবে।’
এর আগে ২০২০ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় মুজিব বর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের তিনটি প্রধান জাতিসত্তা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রকাশের ঘোষণা দিয়েছিল। গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর কাজ এখনো শেষ হয়নি।
জানা গেছে, সিল এ অনুবাদের কাজ শুরু করেছিল এক বছর আগে। এক বছর সময় লেগেছে ২২ ভাষায় ভাষণটি অনুবাদ করতে। তাদের লক্ষ্য সরকার স্বীকৃত দেশের ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার ভাষাতেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুবাদ করা।