যুদ্ধ চলাকালে ইউক্রেইনে বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধিতে রাশিয়ার রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানকে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় হাজার মানুষের অংশগ্রহণে হাদিসুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাদিসুরের চাচা মনিরুল ইসলাম জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে হাদিসুরকে দাদা মোতাহার হোসেন হাওলাদার ও দাড়ি রোকেয়া বেগমের কবরের পাশে দাফন করা হয়।
গত ২ মার্চ ইউক্রেইনের ওলভিয়া বন্দরে আটকে থাকা অবস্থায় রকেট হামলার শিকার হয় বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। তাতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর।
পরদিন ৩ মার্চ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকদের বাংলার সমৃদ্ধি থেকে নামিয়ে আনা হয়। সেখান থেকে একটি শেল্টার হাউজের বাংকারে ঠাঁই নেন নাবিকরা। হাদিসুরের লাশও রাখা হয়েছিল বাংকারের ফ্রিজারে। উদ্ধার পাওয়ার তিনদিন পর দেশে ফেরার উদ্দেশে মলদোভা হয়ে ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছান। বাঙ্কার পর্যন্ত সহকর্মীর মরদেহ নিয়ে গেলেও সেখান থেকে আর তা সঙ্গে আনতে পারেনি তারা। রোমানিয়া থেকে গত ৯ মার্চ তারা দেশে ফেরেন।
তাদের দেশে ফেরার খবরে ওইদিন বিমানবন্দরে হাজির হয়েছিলেন হাদিসুরের পরিবারের সদস্যরা। তারা আকুতি জানান দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য। সরকার আর প্রবাসীদের চেষ্টায় শুক্রবার ভোরে ইউক্রেইন থেকে রওনা হয়ে হাদিসুরের লাশবাহী গাড়ি রাতে প্রতিবেশী দেশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। সেখান থেকে টার্কিশ এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে তার কফিন পাঠানো হলেও বিরূপ আবহাওয়ায় তা পৌঁছায় এক দিন দেরিতে।
হাদিসুরের কফিন নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছায়। রাত ৯টা ৪০ মিনিটে হাদিসুরের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।