শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না সেই আমির হামজা

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৯:১৪ অপরাহ্ন

    স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না সেই আমির হামজা

    তীব্র সমালোচনার মধ্যে অবশেষে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে আমির হামজার নাম বাদ দিয়েছে সরকার।
    সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজার নাম বাদ দিয়ে শুক্রবার ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    এর আগে ১৫ মার্চ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছিল। এতে সাহিত্যে অচেনা ব্যক্তি আমির হামজার নাম সেখানে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন।

    স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এবার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) ছাড়াও মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং সিরাজুল হক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। একই ক্যাটাগরিতে আব্দুল জলিল ও সিরাজ উদদীন আহমেদকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

    চিকিৎসাবিদ্যায় মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

    স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

    নতুন তালিকায় তাদের সবার নাম থাকলেও সাহিত্যে প্রয়াত আমির হামজার নামটি শুধু বাদ দেওয়া হয়েছে। সাহিত্যে অন্য  কারও নাম সেখানে দেওয়া হয়নি।

    নতুন তালিকার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কোনো ব্যাখ্যা না দিলেও আলোচনা-সমালোচনার মধ্যে আমির হামজাকে পুরস্কৃত করার বিষয়টি পর্যালোচনা করার কথা এর আগে বলেছিলেন ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র আহ্বায়ক, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
    বৃহস্পতিবার তিনি বলেছিলেন, তারা অভিযোগগুলো খতিয়ে দেখবেন। পর্যালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগও রয়েছে। এর পরদিনই মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত তালিকা প্রকাশ করল।


    জানা গেছে, সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য নাম ঘোষণা দেওয়া হলেও আমির হামজাকে তেমন কেউই চেনেন না। এমনকি তার সাহিত্য কর্ম সম্পর্কেও সবার অজানা।

    সূত্রমতে, মাত্র দুটি বইয়ের বদৌলতে আমির হামজাকে সাহিত্য শাখায় দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আরও চমকপ্রদ তথ্য হলো, মো. আমির হামজার দুটি বই ‘বাঘের থাবা’ ও ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ বের হয়েছে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে।

    ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় আমির হামজা যখন মারা যান, তখন ‘বাঘের থাবা’ নামে কবিতা ও গানের এই বই তিনি কেবল দেখে যেতে পেরেছেন। তবে এই দুটি বইও আবার এক বছরের ব্যবধানে বের করা হয়েছে একাধিক প্রকাশনী থেকে।

    ২০১৮ সালে ‘বাঘের থাবা’ নামে আমির হামজার যে বই বের হয়, তার প্রকাশক ছিল মাগুরার শ্রীপুরের সারথি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। আর বইয়ের মুদ্রণ ব্যবস্থাপনায় ছিল ঝিনাইদহের বেগবতী প্রকাশনী। তখন আমির হামজার মেজ ছেলে মো. আসাদুজ্জামান ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক। বর্তমানে তিনি উপসচিব। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। তিনি জানান, ‘ঝিনাইদহে চাকরি করার সময় ২০১৮ সালের বইমেলার সময় প্রথমে আমরা ‘বাঘের থাবা’ বইটি সারথি ফাউন্ডেশন থেকে বের করি। পরে ২০১৯-এ এই বইয়ের গান অংশটুকু “পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি” এবং কবিতা অংশটুকু “বাঘের থাবা” নাম দিয়ে আলাদা দুটি বই হিসেবে আবার বের হয় অন্যপ্রকাশ থেকে। পরে ২০২১ সালে ‘একুশের পাঁচালি’ নামে আমির হামজার আরও একটি বই বের হয়েছে বলে তাঁর ছেলে জানান।

    মো. আমির হামজার জন্ম ১৯৩১ সালের ৩ মে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে। গত শতকের ষাট দশক থেকে আশির দশক অবধি তিনি পালাগান, কবিগান করতেন বলে শ্রীপুরের স্থানীয় সূত্রে জানা গেছে। অবশ্য তাঁর ছেলে আসাদুজ্জামান তাঁর বাবাকে কবিয়াল বিজয় সরকারের শিষ্য বলে দাবি করেছেন। ছয় ছেলে ও তিন মেয়ের জনক আমির হামজা ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি ৮ নম্বর সেক্টরে আকবর হোসেনের নেতৃত্বাধীন ‘আকবর বাহিনী’র একজন যোদ্ধা ছিলেন।

    জীবদ্দশায় আমির হামজার কোনো লেখা সেভাবে কোথাও কোনো মানসম্মত জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়নি বলে জানা যায়।

    আমির হামজার গ্রামের কেউ কেউ অবশ্য মনে করেন, তাঁকে স্বাধীনতা পদকের ‘যোগ্য’ করে তোলার জন্যই ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তড়িঘড়ি করে এসব বই বের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজনের ভাষ্য, ‘২০১৮-এর পর থেকে দেখলাম আমির হামজার ছেলে আসাদ তাঁর বাবার বই বের করা নিয়ে খুব তোড়জোড় করছেন, একের পর এক বই বের করছেন। তখন ভেবেছিলাম, হয়তো বাবার বই ছেলের পদোন্নতির ক্ষেত্রে কাজে লাগবে, তাই এমন করছেন। কিন্তু এখন দেখি ঘটনা অন্য।’

    তবে আমির হামজার ছেলে আসাদুজ্জামান বলেন, ‘স্বাধীনতা পদকের জন্য তো একটা নির্দিষ্ট ফরমে আবেদন করা লাগে। আমরা সেটা করেছিলাম। এরপর যেকোনো স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি অথবা সরকারের যেকোনো সচিবের সেই আবেদনের পক্ষে সুপারিশ লাগে। আমার বাবা আমির হামজার জন্য সুপারিশ করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ স্যার।’

    বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এ বিষয়ে বলেন, ‘আমির হামজার নাম আমি প্রস্তাব করেছিলাম। তিনি একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা, পালাগান করতেন এবং পরবর্তী সময়ে সাহিত্য রচনাও করেছেন। তাঁর ছেলে আমাদের সহকর্মী। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তাঁর কাছ থেকে তাঁর বাবার সম্পর্কে ধারণা পাই। আমি প্রস্তাব করেছি ঠিক, কমিটি নিশ্চয়ই যাচাই-বাছাই করে তাঁকে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করেছে।

    এর আগে ২০২০ সালে এস এম রইজ উদ্দিন আহম্মদ নামের এক ব্যক্তিকে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। সাহিত্য অঙ্গনে একেবারে অপরিচিত ওই ব্যক্তির পুরস্কার অবশ্য পরে দেওয়া হয়নি। সেবার রইজ উদ্দিনের নাম এসেছিল ভূমি মন্ত্রণালয় থেকে।

    সূত্রমতে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের সাধারণত ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী এবারও ২৫ মার্চ এ পুরস্কার প্রদান করার কথা রয়েছে।

     

     




    জাতীয় - এর আরো খবর