রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ের ভিত্তিতে রাজধানীর রাস্তায় গাড়ি নামাতে পারবেন মালিকরা। যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার ওই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিনে এবং যেসব গাড়ির নম্বর বিজোড় সংখ্যার, ওই গাড়িগুলো বিজোড় দিনে চালাতে হবে। সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে করপোরেশন যানজট নিরসনে এমন উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার সকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্ত বটমূল এলাকায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
উত্তরার বিভিন্ন সেক্টরের শিশু-কিশোরদের মুক্ত আড্ডা, গান, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি মুক্তমঞ্চটি নির্মাণ করেছে। তবে উত্তরা এলাকার শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে উত্তরায়ও শিল্পকলা ও বাংলা একাডেমির শাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধু মুক্তমঞ্চটি উত্তরা এলাকার শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। মুক্তমঞ্চটি ভবিষ্যতে আরো প্রসারিত হবে, এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।