শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫০ বছরেও দেশে কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মার্চ, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

    ৫০ বছরেও দেশে কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি
    বর্জ্য ব্যবস্থাপনা

    দেশে স্বাধীনতার ৫০ বছরেও কোনো আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অনেকটা ‘দিন আনি, দিন খাই’–এর মতো করে বর্জ্য ব্যবস্থাপনা চলছে। বর্জ্য উৎপাদন হচ্ছে, আর কোনো ধরনের পৃথক্‌করণ ছাড়াই যতটুকু পারা যাচ্ছে প্রাথমিকভাবে সংগ্রহ করা হচ্ছে। বাকিটা চলে যাচ্ছে নদী, খাল ও পানিনিষ্কাশন নালায়। এই সনাতন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশগত দিকটি উপেক্ষিত থাকছে । এমন ব্যবস্থাপনা নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত করতে পারে।
     
    সূত্রমতে, রাজধানীর উচ্চবিত্ত পরিবারে সদস্যপ্রতি গড়ে দৈনিক কঠিন বর্জ্য উৎপাদনের পরিমাণ ৪৯৬ গ্রাম। মধ্যবিত্ত পরিবারে তা ৪৮৩ গ্রাম ও নিম্নবিত্ত পরিবারে ১৯৩ গ্রাম। এই বর্জ্যের বড় অংশ খাদ্যবর্জ্য। এভাবে বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক সাড়ে ৭ হাজার টনের বেশি কঠিন বর্জ্য উৎপন্ন হচ্ছে। সারা দেশে দৈনিক উৎপাদিত কঠিন বর্জ্যের পরিমাণ আরও বেশি।

    বর্জ্য ব্যবস্থাপনার এ পরিস্থিতি বদলাতে ১৫ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়ন করেছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। আড়াই বছর আগে খসড়া মহাপরিকল্পনার অনুমোদন দেয় দুই সিটি করপোরেশন। চূড়ান্ত অনুমোদনের জন্য ২০১৯ সালের নভেম্বরে এটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।

    প্রায় ২৭ মাস ওই খসড়া আটকে থাকার পর গত ৭ ফেব্রুয়ারি সেটির অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে মহাপরিকল্পনা অনুমোদনের সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, মহাপরিকল্পনা থেকে প্রযোজ্য (আংশিক/সম্পূর্ণ) অংশ সিটি করপোরেশন নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে ব্যবহার করবে। এটি অনুমোদন দেওয়া হলেও চলমান ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে বিদ্যুৎ) প্রকল্প বাধাগ্রস্ত হবে না বলে স্থানীয় সরকার বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এমন ‘অদ্ভুত’ নির্দেশনার কারণ—অনুমোদনের আগেই মহাপরিকল্পনা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সরে যাওয়া।


    দুই সিটির সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় ‘ইকো টাউন’ গড়ে তোলার কথা বলা হয়েছিল। যেখানে বর্জ্যের ধরন অনুযায়ী বায়োগ্যাস, কম্পোস্ট, রিসাইকেল, কনস্ট্রাকশন বা নির্মাণ বর্জ্যের পুনর্ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিন্তু ডিএনসিসি কর্তৃপক্ষ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা থেকে সরে এসে ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। তারা বলছে, সব ধরনের বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
    বিদ্যুৎ উৎপাদনে চীনের প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিএমইসি) সঙ্গে চুক্তি করেছে ডিএনসিসি। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক ৩ হাজার টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি। এরপর উৎপাদিত বিদ্যুৎ নির্ধারিত দামে কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

    ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পটি অত্যন্ত জটিল, বাস্তবায়ন কষ্টসাধ্য। কারণ, রাজধানীর বর্জ্যে ভেজা বা তরল অংশের পরিমাণ বেশি থাকে, যা থেকে বিপুল পরিমাণ তাপ তৈরি করা প্রায় অসম্ভব। ঢাকার প্রতি কেজি বর্জ্যে ৬০০ কিলোক্যালরি ক্যালিরিফিক ভ্যালু (বর্জ্যের দাহ্য হওয়ার ক্ষমতা) থাকে। অথচ ১০০০ কিলোক্যালরি না হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়।


    মহাপরিকল্পনা থেকে ঢাকা উত্তর সিটি অনেকটা সরে গেলেও দক্ষিণ সিটি মহাপরিকল্পনামতোই বর্জ্য ব্যবস্থাপনার কাজ এগিয়ে নিচ্ছে। এ জন্য ‘মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল’ (আবর্জনা ফেলার স্থায়ী জায়গা) সম্প্রসারণসহ ভূমি উন্নয়নে ১ হাজার ৫৪৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান। এই প্রকল্পের আওতায় ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে বর্জ্যের ধরন অনুযায়ী ট্রিটমেন্ট (ব্যবস্থাপনা) করা হবে।

    দুই সিটির মহাপরিকল্পনা মূলত একই ধরনের। কার্যকর ও স্বাস্থ্যসম্মত বর্জ্য সংগ্রহ পদ্ধতি, বিদ্যমান ল্যান্ডফিল দুটির (অপরটি আমিনবাজারে) আয়ুষ্কাল বাড়ানো, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অংশীজনদের সক্ষমতার উন্নয়ন—অনুমোদন দেওয়া মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম। উত্তর সিটি অনেকটা সরে যাওয়ায় ও স্থানীয় সরকার বিভাগ মহাপরিকল্পনার আংশিক বাস্তবায়নের সুযোগ দেওয়ায় এটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

     

    পরিবেশগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই ছাড়া ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি নেওয়া হয়েছে। সারা বিশ্বে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা কতটা বদলাবে তা অনেকাংশে নির্ভর করছে মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে নেওয়া এ প্রকল্পের সফলতার ওপর।

    মহাপরিকল্পনার প্রাক্কলন অনুযায়ী, ২০৩২ সালে রাজধানীতে দৈনিক বর্জ্য হবে সাড়ে ৮ হাজার টন। মহাপরিকল্পনার প্রতিপাদ্য, ‘সমন্বিত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগতভাবে উন্নত শহর: শূন্য বর্জ্যের পথে’। ‘বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃ চক্রায়ণ (রিডিউস, রিইউজ, রিসাইকেল)’—মহাপরিকল্পনার মাধ্যমে এই ত্রি-আর বাস্তবায়ন করার কথা ছিল। এক সিটি মহাপরিকল্পনা থেকে অনেকটা সরে যাওয়ায় এখন এই ত্রি-আর আদৌ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, মানুষের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশে অতীতে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হতো তার পরিমাণ বহুগুণ বেড়েছে। কারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে এটাই স্বাভাবিক। আর ভোগ বাড়লে ময়লা-আবর্জনাও বৃদ্ধি পাবে।

    তিনি জানান, বর্জ্য সকল দেশের জন্যই একটি চ্যালেঞ্জ। বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ঢাকা দুই সিটি কর্পোরেশন, গাজীপুর, চট্টগ্রামে, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের শুরুর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন এবং জেলা-উপজেলা ও পৌরসভাতেও বর্জ্য থেকে বিদ্যুৎ করা হবে। উন্নত বিশ্ব যেভাবে বর্জ্য কালেকশন করে ইনসিনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে সেই ফর্মুলা ফলো করেই আমাদের দেশেও কাজ করা হচ্ছে।




    জাতীয় - এর আরো খবর