চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির আয় সামান্য বাড়লেও মুনাফা কমেছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ১৩ হাজার ৫৬৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ের আয় ছিল ১৩ হাজার ২৬৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৯৫ কোটি টাকা বা ২ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৪ কোটি ৩৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২০৯ কোটি ৭৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৫ কোটি ৩৮ লাখ টাকা বা ২ দশমিক ৫৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ১২ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ৫৩২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ের আয় ছিল ৪ হাজার ৪৯০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১ কোটি ৬৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৬৮ কোটি ৩৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৮২ পয়সায়।