পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ ভোলার চরফ্যাশন কলেজ ছাত্রলীগ নেতা আল আফসার তামিমের (২৪) মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের তিনদিন পর সোমবার দুপুর ১টায় জাজিরা থানাধীন পিটার চর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। মৃত তামিমের পরিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তামিমের ভগ্নিপতি মো: ইউনুস মিয়া জাগোকন্ঠকে জানান, প্রথমে স্থানীয় লোকজন নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পায়। পরে যেকেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এভাবে জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই এবং এটা তামিমের মৃতদেহ তা শনাক্ত করি। শেষ খবর পাওয়া পর্যন্ত জাজিরা থানা পুলিশ ও স্থানীয় নৌ পুলিশ মিলে মরদেহটি থানায় নেয়ার পর আনুষ্ঠানিকতা শেষে তামিমের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে জানান ইউনুস মিয়া।
এদিকে তামিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এছাড়াও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সোহাগ,সাধারণ সম্পাদক আসিব সহ রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা শেষে কাঠালবাড়ী ঘাট থেকে মাওয়া প্রান্তে নদীপথে ট্রলারে যাওয়ার সময় মাঝ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা তামিম। স্থানীয় নৌ পুলিশ ট্রলারে থাকা ১৫ জন যাত্রীকে উদ্ধার করলেও তখন তামিমকে উদ্ধার করতে পারেনি।
আজ কয়েক দিন তামিমের বাড়িতে চলে শোকের মাতম , তার বাবা মায়ের আহাজারি এর মধ্যে আজ তার নিথর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে আনা হচ্ছে।