চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে দলটির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে রোববার দলটির মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে, জোট মহাজোটের বাইরে আমরা যে একক ইসলামী ও জনশক্তি গড়ে তোলার কাজ করেছি তার ফলাফল আসতে শুরু করেছে। এটাকে কি করে কাজে লাগানো যায় এবং আরো ত্বরান্বিত করা যায় সে বিষয়ে জাতীয় সম্মেলন একটি মাইল ফলক হতে যাচ্ছে।
তিনি বলেন, সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের নেতারা অংশ নেবেন। এতে দলের আমির আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্দেশনা প্রদান করবেন। নির্বাচনি লক্ষ্যমাত্রা বেধে দিবেন।
গাজী আতাউর রহমান বলেন, আমরা দেশের প্রায় সব রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করেছি। বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আগামীর পরিকল্পনায় সহযোগী হওয়ার বিষয়ে একধরণের বোঝাপড়া হয়েছে। সম্মেলনে সে বিষয়ে একধরনের প্রতিফলন দেখা যাবে।
তিনি বলেন, সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে। নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠা ১৫ দফা দাবি উপস্থাপন করা হবে। দলের আমির তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করবেন।
সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জান্নাতুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবির প্রমুখ।