সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছিলেন চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তারা আইডিবি সম্মেলনের পাশাপাশি চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগও চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ডলার সাশ্রয়ের লক্ষ্যে তাদের আবেদন নামঞ্জুর করেন।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্রে জানা যায়, আইডিবির ওই সম্মেলনে বাংলাদেশের কোনো ব্যাংকের এমডিদের অংশগ্রহণ বাধ্যতামূলক না থাকায় তাদের ব্যাংকের খরচে সৌদি যেতে বারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে তাদের নিজস্ব খরচে ওমরাহর উদ্দেশে সৌদি আরব যেতে আবেদন করলে তা আপত্তি জানাবে না কেন্দ্রীয় ব্যাংক।
যারা আবেদন করেছিলেন তারা হলেন, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও হাসান ও. রশীদ।
এ প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, ‘আমি আবেদন করেছিলাম। তবে অন্যদের বিষয়ে কিছু বলা সম্ভব না।’