পিরোজপুরের ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ । বৃহস্পতিবার গভীর রাতে ইন্দুরকানী থানার এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই মনছুর আলমের নেতৃত্বে ঢাকা দক্ষিন মুগদা এলাকা থেকে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে কামাল হোসেন (৫০) ও উত্তর বাড্ডা থেকে দক্ষিন ইন্দুরকানী গ্রামের দেলোয়ার শেখের ছেলে কাওছার শেখ (৩০) কে গ্রেফতার করেছেন।
থানা সূত্রে জানা যায়, কামাল খিলগাঁও থানার মামলা নং- ১০ (৬) ২০০১ খিলগাঁওয়ে ডাকাতি মামলায় ২০০১ সালে গ্রেফতার হন পরে বিজ্ঞ আদালত থেকে জামিন হওয়ার পর পলাতক ছিলেন এবং পরবর্তিতে ২০১৪ সালে বিচার শেষে অতিরিক্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এগারো বছর সশ্রমকারাদন্ড প্রদান করেন।
অপরদিকে কাওছার ইন্দুরকানী থানায় মাদক মামলা জিআর ২৫/১৬ মাদক নিয়ন্ত্রন আইনে গ্রেফতার হন। পরে বিজ্ঞ আদালত থেকে জামিন প্রাপ্ত হওয়ার পর পলাতক ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে মামলাটির বিচার শেষে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত পিরোজপুর তাকে তিন বছর ছয় মাস সশ্রমকারাদন্ড প্রদান করেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকাদার এই প্রতিবেদককে বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী কামাল ও কাওছারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।