শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আগামী বছর ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ সুস্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ নভেম্বর, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

    আগামী বছর ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ সুস্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
    ফাইল ছবি

    ঢাকা: দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আগামী বছর ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ তৃণমূল স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।  একই সঙ্গে ২০৪০ সাল পর্যন্ত দেশের স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহ নিরূপণ করে দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    গত ২৫ নভেম্বর ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহায়তায় আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) বাংলাদেশের ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহবিষয়ক প্রক্ষেপণ প্রতিবেদন উপস্থাপন করে।   

    অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, এমপি, আগামী বছর ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ তৃণমূল স্বাস্থ্যকর্মী নিয়োগের সরকারি উদ্যোগের কথা জানান।

    প্রক্ষেপণ প্রতিবেদনে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং ৩১টি বিশেষায়িত শাখার চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জনসংখ্যার স্বাস্থ্যসেবা চাহিদা, স্বাস্থ্যকর্মীর অনুপাত এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে আগামী বছরগুলোতে দেশে কতসংখ্যক স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হবে এবং সম্ভাব্য সরবরাহ কত হতে পারে, তার একটি ধারণা তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে দেশের স্বাস্থ্যকর্মীর সামগ্রিক ঘাটতির পাশাপাশি জনবল বণ্টনে বড় ধরনের বৈষম্যের চিত্র উঠে এসেছে। বর্তমানে দেশের ৬০ শতাংশের বেশি স্বাস্থ্যকর্মী শহরাঞ্চলে কর্মরত থাকলেও মোট জনসংখ্যার মাত্র প্রায় ৩০ শতাংশ শহরে বসবাস করে। ফলে বিপুলসংখ্যক গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

    অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মহিত স্বাস্থ্যকর্মীদের অসম বণ্টন দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সব অঞ্চলে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের পদায়ন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল স্বাস্থ্যকর্মীদের কার্যকর ব্যবহার, সুষম বণ্টন এবং দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় সমন্বিত ও তথ্যভিত্তিক পরিকল্পনার গুরুত্বের ওপর জোর দেন।

    বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে শুধু নতুন জনবল নিয়োগই যথেষ্ট নয়; বরং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, সুষম পদায়ন এবং কর্মক্ষেত্রে ধরে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য ধাপে ধাপে টেকসই বিনিয়োগ ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি।

    সংশ্লিষ্টরা মনে করেন, ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের এই প্রক্ষেপণ দেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ জনবল পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় জনবল তৈরি ও সুষম বণ্টন নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) অর্জনের লক্ষ্যেও অগ্রগতি ত্বরান্বিত হবে।




    জাতীয় - এর আরো খবর