পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শেষ হয়েছে রোববার। সোমবার কর্মস্থলে ফিরেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিস- কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রথম কর্মদিসবে অধিকাংশ অফিসেই উপস্থিতি ছিল খুব কম।
এদিকে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকায়ও ভিড় কিছুটা কম।
ঈদের প্রথম দিনে অফিসে এসেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে আজ থেকে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। আজকে পুরো সচিবালয় জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে।
তিনি আরও বলেন, আজকে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। এজন্যই আনন্দটা বেশি।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটান চাকরিজীবীরা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে সোমবার অফিস পাড়ায় যোগ দেন অনেকে।
তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এদের সংখ্যা বেশি হওয়ায় অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরো কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও আগামী সপ্তাহে খুলবে । তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী ঢাকা।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মতো টানা ৬ দিন ছুটি কাটিয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ সব সংবাদপত্র অফিস খুলেছে। কাল থেকে নিয়মিত পত্রিকা প্রকাশিত হবে।