রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরও বিস্তৃত পরিসরে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনা দেন।
তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এরই মাঝে আইন অনুযায়ী প্রথমবারের মতো ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই স্থায়ী কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচাবাজার পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করেছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সব সংস্থা বাজার মূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি পবিত্র রমজান মাসে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বাজার মূল্য তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে। মেয়র তাপস এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।