সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।
প্রতিমন্ত্রী শুক্রবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল-২০২২ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মমতাজিয়া দরবার শরীফের পীর আল্লামা শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমাম মহিব।
প্রতিমন্ত্রী বলেন, আগে অনেক সরকার এসেছে এবং তারা অনেক কথা বলেছে। আজকে বাংলাদেশের ৬৪ টি জেলায় বহুবিধ সুবিধাসম্বলিত মসজিদ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, আগে কেউ এটা চিন্তাও করেনি। জেলা পর্যায়ের ধারাবাহিকতায় প্রতিটি উপজেলাতেও মডেল মসজিদ নির্মিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ সরকার মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। আগের সরকারগুলো কেবল প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তর কাজের কাজ কিছুই করেনি।
প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সঃ) এঁর বিদায় হজ্জের ভাষণে বলা কথাগুলো অনুসরণ করলে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। তিনি আগামীর বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে চলে এবং ধর্মকর্ম পালনের পথ আরো সুগম হয় সেজন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানান।