এবারের ঈদে প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের মতে ঈদে ঢাকা থেকে ১ কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। কিন্তু যানজট ও নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার ইউনিটতে আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিবহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।
এবারের ঈদযাত্রায় রাজধানীবাসী যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। তাই এই মুহূর্ত থেকে রাজধানীর সকল পথের ফুটপাত, রাস্তা হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। তাছাড়া রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলো বিশেষ করে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা, টঙ্গী রেলস্টেশনসহ অন্যান্য জায়গায় যাতায়াতে মানুষজনকে অসহনীয় যানজটে পড়তে হবে। এসব যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তা না হলে আগামী ২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত দুপুরের পর থেকে গভীর রাত অবধি রাজধানী অচল হয়ে যাবে বলে সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. হামিদুজ্জামান বলেন, ‘
মহাসড়কে এবার যাত্রীর চাপ দ্বিগুণ হবে তার যৌক্তিকতা আছে। করোনার সময় বন্ধ থাকার পরেও ঈদের মধ্যেও প্রায় ৬০ লক্ষ মানুষ বাড়ি ফিরেছেন। আমার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, এবার ঈদের আগের চার দিন প্রতিদিন ৩০ লক্ষ মানুষ ঢাকা ছাড়বে। কিন্তু সড়ক-রেল এবং নৌপথে যাত্রী পারাপারের সক্ষমতা আছে ১৩ থেকে ১৪ লাখ। কিন্তু বাকি ১৬ লাখ মানুষ কি তাহলে বাড়ি যাবে না অবশ্যই বাড়ি যাবে। ছোট যানবাহন, ট্রেনের ছাদে, ট্রাকে মোটরসাইকেলের বিভিন্নভাবে যাতায়াত করবেন। এতে বোঝা যায় সড়ক ব্যবস্থাপনা কোমায় চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সড়কে যখন গাড়ির চাপ বেড়ে যাবে তখন কোন ব্যবস্থাপনাই কাজে আসবে না। সে ক্ষেত্রে এবার ঈদের আগে যে আট দিন ছুটি আছে সেটাকে কাজে লাগিয়ে সড়কের ব্যবস্থাপনা তৈরি করলে মানুষকে সঠিকভাবে বাড়ি পৌঁছানো সম্ভব হবে।’
অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে চাঁদাবাজি বিষয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন টোল পয়েন্টের কারণে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ ও পরিবহন সংকট, করোনার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে কিছু কিছু পরিবহন মালিক-চালকেরা মরিয়া হয়ে উঠেছে। ভাড়া নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার কাগুজে বাঘের মতো হুঁশিয়ারি উচ্চারণ করলেও দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এবারের সকল পথে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হবে। নৌ-পথে ভাড়া নৈরাজ্যের পাশাপাশি বিআইডাব্লিউটিএ ও জেলা পরিষদের মালিকানাধীন সারা দেশে ৪০০ নৌ ও ফেরিঘাটে নিয়োজিত ইজারাদারেরা ঈদে যাত্রী পারাপারে বাড়তি টোল আদায়ের নৈরাজ্য চালায়। এবারও তারা তৎপর হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে ঈদের সময় দুর্ঘটনা বাড়ে উল্লেখ করে বলা হয়, অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া আদায়ের লোভে প্রতিবছর সড়ক ও নৌ পথে ফিটনেসবিহীন যানবাহনে যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌ পথে পর্যাপ্ত বয়া-বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, একজন চালককে বিশ্রামহীনভাবে ১০ / ১২ ঘণ্টা বিরামহীনভাবে যানবাহন চালাতে বাধ্য করার কারণে এবং অদক্ষ চালক দিয়ে আনফিট যানবাহন চালানোর কারণে সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রতি বছর ঈদে কয়েকশ যাত্রীর প্রাণহানি ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, ২০২১ সালে ঈদুল ফিতরে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত ৬২২ জন আহত হয়েছে। এবারও অতিরিক্ত যাত্রীর চাপ দ্বিগুণ থাকায় সড়ক ও নৌ দুর্ঘটনার সংখ্যা দ্বিগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
ট্রেন ও বিমানের টিকিটের বিষয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, অনলাইনে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। যার ঠিকঠাক ব্যবস্থাপনার রেলওয়ে এখনো করতে পারেনি। এতে টিকিট কালোবাজারির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঈদের আগে ও পরে ১০ দিনের বাংলাদেশ বিমানসহ বেসরকারি এয়ার লাইন্সগুলোর টিকিট বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো দখল করে নেওয়ায় এবারের ঈদে যাত্রী সাধারণকে এসব ফ্লাইটে টিকিট কয়েকগুণ বাড়তি দামে কিনতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এবারের ঈদে কালবৈশাখীর শঙ্কা থাকায় নৌপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই আনফিট নৌযান বন্ধসহ ফিটনেসধারী নৌযানে যাতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অজ্ঞানপার্টি, মলমপার্টি টার্মিনালে নানা প্রতারক চক্রের খপ্পরে পরে সর্বস্ব খুইয়ে ঈদ আনন্দ মাটি হতে পারে। তাই প্রতিটি বাস, লঞ্চ ও রেল স্টেশনে সিভিল পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোসহ মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।