রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় মধ্য বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বিলকিস (৫৫)। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভর্তা গ্রামের এই নারী গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
বনানী থানার এসআই মো. নেসার উদ্দিন জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে মহিলাটি দুর্ঘটনায় পড়েন। তিনি বলেন, আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় বিলকিস আহত হন। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
বিলকিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু ঘটে।
বিলকিসের ছোট বোনের মেয়েজামাই নজরুল ইসলাম জানান, তার খালা শাশুড়ি বনানীতে এক চিকিৎসকের বাড়িতে কাজ করতেন। ঈদের আগে বকশিসের আশায় ওই চিকিৎসকের বাড়িতে এসেছিলন তিনি। এরপর গ্রামে রওনা দেওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।