র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২১ লাখ ২১ হাজার টাকা মূল্যের ৭০৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম মোঃ সোহেল রানা (২৩), রাসেদ মিয়া (২২) ও মোঃ হাসান (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন ও নগদ- সাড়ে ৩ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।