শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • র‌্যাবের জবাবদিহিতা নিশ্চিত ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ০৬:৫৯ পূর্বাহ্ন

    র‌্যাবের জবাবদিহিতা নিশ্চিত ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

    অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ ও সদস্যদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত না হলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, আমরা র‍্যাবকে এমন বাহিনী হিসেবে দেখতে চাই যারা সন্ত্রাসবাদ প্রতিরোধে যেমন কঠোর থাকবে, তেমনি মৌলিক মানবাধিকারের প্রতিও সম্মান দেখাতে সক্ষম হবে।

    রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক: বর্ধিত সহযোগিতা ও অগ্রসর অংশীদারত্ব’ শীর্ষক এক সেমিনারে মার্কিন রাষ্ট্রদূতএসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    পিটার ডি হাস বলেন, বাহিনীটির বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া না হলে এবং সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। তবে এ নিষেধাজ্ঞার মানে এই নয় যে আমরা জোরদার আইন প্রয়োগ বিষয়ে শক্তিশালী নিরাপত্তা সহযোগিতার হাত বাড়াতে পারব না। আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদের দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব। সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধ দমনে পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট এবং চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সন্ত্রাস দমনে র‍্যাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে হয়তো বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি আমাদের আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

    আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। এ খবরে আমি আনন্দিত। আন্তর্জাতিক মানের নির্বাচন হওয়া মানে সেটি কেবল ভোটের দিনের বিষয় নয়। সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনে জনগণের সুযোগ থাকা উচিত। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে তাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করতে পারেন, নাগরিক সমাজের সংগঠনগুলো তাদের বিস্তৃত কার্যক্রম চালাতে পারে। আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশের আসন্ন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমাদের চাওয়া খুব সাধারণ। আমরা চাই, বাংলাদেশের মানুষ এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অর্জন করবে, যেটির মাধ্যমে তারা নিজের পছন্দমতো সরকার নির্বাচন করতে পারবে।

    অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জবাবদিহিতা নিশ্চিতে ২০১১ সালে মার্কিন দূতাবাসের সহযোগিতায় র‍্যাবের সদর দপ্তরে অভ্যন্তরীণ তদন্ত সেল প্রতিষ্ঠিত হয়। নিরাপদ ও সুরক্ষিত সমাজের জন্য র‍্যাব যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রাখতে চায়।

    বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রোকসানা কিবরিয়া মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, বৈদেশিক দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, একাডেমিয়া, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।




    জাতীয় - এর আরো খবর