শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদ

    মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই মা-ছেলে

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ০৭:১৯ পূর্বাহ্ন

    মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই মা-ছেলে

    রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের বিরুদ্ধে আন্দোলনকারী উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে ছেড়ে দেয়া হয়েছে। আটকের ১২ ঘণ্টা পর গত রাতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। তারা আর সরকারি কাজে বাধা দেবেন না এমন অঙ্গীকারের ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।

    এ ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, যেহেতু তারা এ ধরনের কাজ আর করবেন না জানিয়ে মুচলেকা দিয়েছেন তাই তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়া হবে না।

    জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা মাঠটি কলাবাগান এলাকার খোলা জায়গা হিসেবে পরিচিত। শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়। স্থানীয়রা জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছেন। ওই মাঠে কলাবাগান থানার ভবন নির্মাণ করা হচ্ছে। এজন্য পুরো মাঠে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। নির্মাণকাজও শুরু হয়েছে। শিশুদের খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে রোববার সকালে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন সমাজকর্মী সৈয়দা রত্না। তিনি সেখানে ভবন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী এবং কাঁটাতারের বেড়া দেয়ার দৃশ্য দেখান। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে আটক করে। এ সময় বাড়ি থেকে বের হয়ে পুলিশের কাছে মাকে আটক করার কারণ জানতে চাইলে সৈয়দা রত্নার এইচএসসি পরীক্ষার্থী ছেলে পিয়াংশুকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রধান এবং পুলিশ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ আনা হয়।

    ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা অভিযোগ করেন, তেঁতুলতলা মাঠ থেকে ২০-২৫ জন নারী পুলিশ সৈয়দা রত্নাকে ধরে একটি পুলিশের ভ্যানে তুলে নেয়। সৈয়দা রত্নাকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান মানবাধিকার কর্মী খুশী কবির, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বেলার সংগঠক আলমগীর কবির, আইন ও সালিশ কেন্দ্রের আবু আহমেদ ফয়জুল কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা সৈয়দা রত্না এবং তার সন্তানের মুক্তি দাবি করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেই মা-ছেলেকে আটকের প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এলাকাবাসী তাদের মাঠ রক্ষায় আন্দোলন করছে। সেখান থেকে বিনা কারণে কাউকে তুলে নিয়ে যাওয়া আইন সমর্থন করে না। এ জমি পুলিশের কিনা সে প্রশ্ন রাখেন তিনি। এছাড়া এলাকায় পুলিশ বিকল্প কোনো খেলার মাঠের ব্যবস্থা করেছে কিনা তাও জানতে চান।

    তবে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, ঢাকা জেলা প্রশাসনের অনুমতির পরই থানা নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে গত বছরের আগস্টে নোটিসও জারি করে জেলা প্রশাসন। পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মো. ফারুকুজ্জামান জানান, জায়গাটি সব নিয়ম মেনে থানার ভবন নির্মাণে বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় লোকজন ও শিশুদের এনে সে কাজে বাধা দেয়ার চেষ্টা করছিলেন সৈয়দা রত্না।

    জানা গেছে, খেলার মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এলাকাবাসী। গত বছরের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিসে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এ সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিসে এ জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে কলাবাগানের বাসিন্দা, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সমাজকর্মী, উন্নয়নকর্মী, সাংস্কৃতিক কর্মী ও শিশু-কিশোররা এ নোটিসের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সবশেষ গত ৩১ জানুয়ারি মাঠটিতে কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ।




    জাতীয় - এর আরো খবর