বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও পার্শ্ববর্তী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এ সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে দেশে আবারো সংক্রমণ বাড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। নিয়ন্ত্রণে ছয় দফা সুপারিশ করা হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির ৫৭তম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা শেষে মন্ত্রণালয়কে ৬টি সুপারিশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে কভিড-১৯’র সংক্রমণ নিম্নমুখী হলেও পার্শ্ববর্তী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এ সংক্রমণ ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। জাতীয় কারিগরি কমিটি আশংকা ব্যক্ত করে এখন থেকেই সতর্ক না হলে দেশেও সংক্রমণ উর্ধ্বমুখী হতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
টিকা দেয়া থাকলেও যেসকল দেশে সংক্রমণের হার বেশি সেসকল দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা। পাশাপাশি সকল বন্দরের প্রবেশ পথে স্ক্রিনিং জোরদার করা।
ঈদ উপলক্ষ্যে কেনাকাটা ও ঘরমুখী মানুষের যাতায়াতের সময় মাস্ক পরিধান নিশ্চিত করা। এছাড়া তারাবীর নামাজ ও ঈদ জামাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগনকে উদ্বুদ্ধ করা। কভিড-১৯ মোকাবেলায় হাসপাতালগুলোকে সতর্ক করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়। মন্ত্রণালয়গুলো আন্তঃমন্ত্রণালয় সভা করে সবাইকে সতর্কাবস্থানে রাখা। এছাড়া জিনোম সিকোয়েন্সিং ও সার্ভেলিয়েন্স জোরদার করার সুপারিশ করে কমিটি।
ভার্চুয়াল এ বৈঠকটি অনুষ্ঠিত হয় রোববার রাত সাড়ে ১০টায়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।