সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়৷
শনিবার দুপুরের তার মরদেহ শহীদ মিনারের সামনে নিয়ে গেলে সেখানে রাজনীতিবাদ, আইনজীবী, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের গুণিজনেরা তাকে শ্রদ্ধা জানান৷
সেসময় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহাম্মদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ তাছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকারের পক্ষে সার্জেন্ট এট আর্মস কমোডর এম এম নাঈম রহমান৷
শহীদ মিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, আবদুল মুহিতের ছোট ভাই ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন, জাসদের সাবেক সভাপতি হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান৷ তাছাড়া ভারতীয় হাইকমিশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বরেণ্য এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা প্রদান করেন৷
শিক্ষা ও কর্মজীবনে মুহিতের কৃতিত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘‘আমি এরকম কাজ পাগল মানুষ কমই দেখেছি৷ কাজে আর পড়াশোনায় ডুবে থাকতেন সকাল থেকে রাত পর্যন্ত৷ ছুটির দিনেও দেখা যেত আবুল মাল আবদুল মুহিতের অফিসে আলো জ্বলছে৷ তিনি এ রকম মানুষ ছিলেন৷’’
এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়৷ আর দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে৷
আওয়ামী লীগ নেতা আবুল মাল আবদুল মুহিতের দাফন রোববার সিলেট নগরের রায়নগর এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে হবে৷ এর আগে বেলা দুইটায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন৷ তার বয়স হয়েছিল ৮৮ বছর৷
গতবছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি৷
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া আবদুল মুহিত বর্ণাঢ্য কর্মময় জীবনে টানা দশ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের ভার দিয়েছিলেন মুহিতের ওপর৷
সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট দেওয়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন সিলেট-১ আসনের সাংসদ৷
বাবা অ্যাডভোকেট আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা৷ মা সৈয়দ সাহার বানু চৌধুরী ছিলেন সিলেট মহিলা মুসলিম লীগের সহ-সভানেত্রী৷