পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় ও মানবিক কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া আলেমদের মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দিয়ে ঈদের দিন তার বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন তিনি।
রোববার (১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ্যে সারা দেশে সমমনা ইসলামী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাজপথে প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনের কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচি পালন করার কারণে সারাদেশ থেকে ২০০ শতাধিক আলেমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এখনো এক বছরের উপর উপর হতে চলছে কিছু সংখ্যক ছাত্র ও যুবকদের মুক্তি পাওয়া গেলেও নিরিহ গণতন্ত্রকামী আলেম-ওলামাদের মুক্তি দেওয়া হয়নি। তাদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ বিবেচনায়, মানবিক ও মহানুভবতায় মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আলেম ওলামাতো নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোন প্রতিবাদ করেন নাই। তারা ভারতের গুজরাট সহিংসতা, বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হিন্দুবাদী দৃষ্টি ভঙ্গির জন্য অভিযুক্ত করে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করেন। আলেম ওলামা ও রাজনৈতিক দলগুলোর সেদিনের বিরোধিতা ছিলো গনতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। সরকার ভারতকে খুশি করতে অন্যায়ভাবে আলেমদেরকে তাদের প্রাপ্য মুক্তি দিচ্ছে না। একটি স্বাধীনদেশ এভাবে চলতে পারে না। ওলামাদের পরিবার না খেয়ে কঠিন অর্থ অভাবে দিনযাপন করছেন। আমি আশাকরি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ ক্ষমতাবলে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে গ্রেপ্তারকৃত সারাদেশের সকল আলেম ও নিরিহ মানুষেরদের মুক্তির ব্যবস্থা করবেন।
বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন আর ঈদের দিন বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করুন: প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দিয়ে তাঁকে উন্মুক্ত করে দিন। তিনি আশা করেন, ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন। তাহলে আপনার এ ধরনের মানবিক কাজ ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে। পরিশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।