আবহাওয়া অনুকূলে থাকলে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
তবে, আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, দুই বছর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হযেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঈদগাহর সার্বিক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন।
মেয়র বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আসন্ন ঈদুল ফিতরে করোনা মহামারিকে অতিক্রম করে প্রায় দুই বছর পরে আমরা আবারও জাতীয় ঈদগাহে ঢাকাবাসী ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারব। সে আয়োজন আমরা করেছি। ঢাকাবাসীকে আহ্বান করছি, জাতীয় ঈদগাহ এসে ঈদের নামাজ আদায় করার জন্য। সেই জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।’
নিরাপত্তার বিষয়ের কথা তুলে ধরে তাপস বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, জাতীয় ঈদগাহ সুন্দরভাবে সাজানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা কাজ করছেন। তার সঙ্গে সঙ্গে সুন্দর একটি আয়োজন ও পরিবেশ সৃষ্টি করছি যাতে করে আসন্ন ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে ঢাকাবাসী তাদের প্রথম ঈদের নামাজ জামাতে অংশগ্রহণ করতে পারে।’
‘আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে জেনেছি, সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে। আমাদের আয়োজনে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবে। সমগ্র ঢাকাবাসীকে আমন্ত্রণ করছি, যাতে করে জাতীয় ঈদগাহে এসে সবার সঙ্গে ঈদের জামাত আদায় করতে পারে। মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় সাড়ে ৩ হাজার মহিলা মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’