পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময়ে সারাদেশে সড়ক দুর্ঘটনা ব্যাপক বেড়েছে। ঈদের দিনও বিভিন্ন স্থানে বেশ সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯ জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। এর মধ্যে রংপুরে ৫ জন, পঞ্চগড়ে ৩ জন, মাদারীপুরে ৩ জন, চট্টগ্রামে ২ জন, বরিশালে ২ জন, ঝালকাঠিতে ২ জন, কুষ্টিয়াতে ২ জন, পাবনায় ১ জন এবং শেরপুরে ১ জন নিহত হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। বুধবার সাত শতাধিক রোগী ঈদের তিন দিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান- নিটোরে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হয়েছে। অধিকাংশেরই আঘাত গুরুতর।
বৃহস্পতিবার (৬ মে) হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, ঈদের আনন্দ করতে গিয়ে বেপরোয়া বাইক, সিএনজি ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে মোট ৭৩২ জন হাত-পা ভেঙে ভর্তি হয়েছে। অনেকের অবস্থা ভয়াবহ। সাধারণত দৈনিক ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ জন রোগী ভর্তি হয়। অথচ ঈদের দিন ৩০০ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ঈদের আগের দিন ১৯৭ ও ঈদের পরের দিন ২৩৫ জন রোগী নিটোরে এসেছে হাত-পা ভেঙে। তাদের অনেকেরই হাত-পা কেটে ফেলতে হয়েছে।
নিটোরের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র নার্স মিনা মারিয়া বলেন, অধিকাংশ রোগীই এখন মোটরসাইকেল দুর্ঘটনা ও বাজি ফুটিয়ে হাত পোড়া। রোগীদের ৮০ শতাংশই সড়ক দুর্ঘটনার। এছাড়া ৫ শতাংশ বাজি ফুটানোয় হাত পুড়ে ও ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে হাসপাতালের অপারেশন থিয়েটারেও রোগীদের ভিড় জমেছে। প্রয়োজন হলেও কাউকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া যাচ্ছে না। মূলত রোগীর চাপ ও কিছু ডাক্তার-নার্স ঈদের ছুটিতে থাকায় এই অবস্থা হয়েছে।
হাসপাতালে দেখা যায় জুয়েল নামে এক রোগীকে। এসেছেন ধামরাই থেকে। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই পায়েরই হাড় ভেঙেছে তার।
সিরাজগঞ্জ থেকে দুই পা ও এক হাত ভেঙে নিটোরে এসেছেন শামীম হোসেন। বয়স প্রায় ২০ বছর। ঈদের দিন বান্ধবিকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।
হাসপাতালে ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল ছাড়াও সিএনজি ও অটোরিকশায় দুর্ঘটনা বেশি ঘটেছে। সে তুলনায় বাস ও ট্রাকের দুর্ঘটনা কম।
দায়িত্বরত ব্রাদার মনোরঞ্জন দাশ বলেন, অনেক রোগী আপনারা দেখছেন। এদের অধিকাংশই বাইক দুর্ঘটনার রোগী। বেপরোয়া গাড়ি চালায়। কারো দুই পা শেষ, দুই হাত শেষ। সবাই তরুণ। দেখে কষ্ট লাগে। তাদের জীবন বেপরোয়া বাইকে শেষ হচ্ছে। লং ড্রাইভে যাচ্ছে বেপরোয়াভাবে। এটা নিয়ন্ত্রণের সময় এসেছে।