রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা তিন যাত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি এই ঘটনায় টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তিনি কিছু জানতেন না।
শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মন্ত্রী এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে ঈশ্বরদী থেকে ঢাকাগামী তিনজন যাত্রী বিনা টিকেটে এসি কেবিনে ভ্রমণ করছিলেন। এসময় তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেয়।
পরে ওই তিন যাত্রীকে জরিমানা করেন কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনায় পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হলে বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, “বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নয়, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর (আমার) নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই”।
শনিবার সকালে ঘটনা শুনেছেন জানিয়ে তিনি বলেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছি ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। ফলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের সরকারি ছুটির মধ্যে ওই রাতের ঘটনার পরই যাত্রীদের অভিযোগের ভিত্তিতে টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর সঙ্গে নিজের কোনো সংযোগ নেই জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ঘটনার সঙ্গে মন্ত্রীর কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আমি কিছু জানতাম না।
রেলমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, আমরা রেলসেবা বাড়াতে কাজ করছি। বিনা টিকেটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয়ও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। একইভাবে কোনো রেল কর্মকর্তাও যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে তাকেও শাস্তি পেতে হবে। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণেই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় রেল দপ্তর জানায়, ঘটনার রাতে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম ওই যাত্রীদের টিকেট দেখতে চাইলে তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন।
বিষয়টি নিয়ে পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে আলাপ করলে টিটিইকে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকেট কাটার পরামর্শ দেন।
এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকেটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকেট করে দেন।
বরখাস্তের আদেশের বিষয়টি ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের ভারপ্রাপ্ত সিনিয়র টিটিই ইন্সপেক্টর মো. বরকতুল্লাহ আলামিন ফোনে শুক্রবার শফিকুল ইসলামকে জানান। সে সময় তিনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ডিউটিরত ছিলেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, আমাদের কন্ট্রোল অফিস থেকে একটি অফিস অর্ডার আসলে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবুকে প্রধান করে এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য রেখে গত শুক্রবার রাতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে টিটিইকে বরখাস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।