টিটিই বরখাস্তের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে নৈতিকবোধ থেকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে সাময়িক সময়ের জন্য পদত্যাগ করার আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাটি ক্ষমতার অপব্যবহারের একটি নির্লজ্জ ও নিকৃষ্টতম উদাহরণ।
এখানে মূলত দুইভাবে ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত রেলমন্ত্রীর নিকটাত্মীয়দের বিনা টিকেটে রেল ভ্রমণ অর্থাৎ তারা ধরেই নিয়েছিলেন যে, রেলের প্রচলিত আইন তাদের জন্য প্রযোজ্য নয়!
দ্বিতীয়ত, সংশ্লিষ্ট টিকেট পরিদর্শক তার ওপর অর্পিত দায়িত্ব পালন করায়, তাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করেই তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কৃত হওয়ার পরিবর্তে বরখাস্ত হবার ঘটনায় দেশবাসীর কাছে এই বার্তাটিই পৌঁছেছে যে, ক্ষমতার দাপট ও অনিয়মই হচ্ছে বাস্তবতা। তাছাড়া, এই নিকৃষ্টতম দৃষ্টান্ত এখনও গুটিকয়েক যারা নিষ্ঠা ও সততার সাথে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন তাদের জন্য একটি শক্তিশালী নেতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, টিআইবি মনে করে, যেহেতু রেলমন্ত্রীর আত্মীয়দের জড়িয়ে এ জাতীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিনা টিকেটে ভ্রমণকারীগণ রেলমন্ত্রীর পরিচয় ব্যবহার করেছেন, তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক সময়ের জন্য রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
পাশাপাশি ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে সংশ্লিষ্টরা যাতে বিনা টিকেটে ভ্রমণের দায়ে অভিযুক্তদের ও দায়িত্ব পালনকারী টিকেট পরিদর্শকের বরখাস্তের ঘটনায় নির্বিঘ্নে তদন্ত করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি।