প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব ও অসচ্ছল হৃদরোগীদের মাঝে বিনামূল্যে হার্টের ভাল্ব ও রিংসহ চিকিৎসাসামগ্রী বিতরণের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে তিন কোটি বাহাত্তর লাখ টাকা অনুদান দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতার কথা জানান।
উপমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া বুধবার (১১ মে ২০২২) জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিন এবং আমার অনুজ কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল হক সিয়ামের হাতে অনুদানের চেক তুলে দেন।

এর আগে গতবছরের আগস্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণের জন্য ৩ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। সেই অনুদানের টাকায় ৩০০ স্টেন্ট (রিং), ১৫০টি ভাল্ব, ১০০টি পেশমেকার রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনেক রোগীর ভাল্ব প্রতিস্থাপন, পেশমেকার স্থাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সঙ্কটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নেয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুই দফা অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী।