প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ মো) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে এই পদোন্নতির কথা জানিয়ে একই মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি নিচে দেখুন।
আমিনুল ইসলাম খান:
মোঃ আমিনুল ইসলাম খান ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম খান ১৯৮৯ সালে চাকুরি জীবন শুরু করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম সচিব (শ্রম) হিসেবে বাংলাদেশ দূতাবাস, কাতার এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েট-এর এশিয়া আঞ্চলিক যুব কেন্দ্র (Commonwealth Youth Programme)-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
জনাব মোঃ আমিনুল ইসলাম খান ওআইসি সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন, কমনওয়েলথ হেডস অব গভর্ণমেন্টস এন্ড ইয়ুথ মিনিস্টার্স মিটিং-এ অংশগ্রহণ করেন। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনে তিনি কৌশলগত পেপার উপস্থাপন ও Key note স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করেছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্পীকার হিসেবে তিনি বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস (প্রশাসন) একাডেমি, নায়েম, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, বিয়ামসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। তিনি বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-র সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এলামনাই সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত।
জনাব মোঃ আমিনুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ হতে বি, এ অনার্স ও এম, এ এবং এলএলবি ডিগ্রী অর্জন করেন। তার সহধর্মিনী বেগম রায়হানা তাসনীম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।