সাত কোটি টাকার আমদানীকৃত গম নিয়ে বঙ্গোপসাগরের রামগতির কাছে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। ‘এমভি তামিম’ নামের লাইটার বা ছোট জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার কাচপুর যাওয়ার পথে তেইল্লারচর এলাকায় ডুবে যায়। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে জাহাজটির ১২ জন নাবিককে অন্য একটি জাহাজ নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই গম নিয়ে সংকট চলছে। এর মধ্যে ভারত রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থিরতা আরো বেড়েছে। এই সংকটের মধ্যেই জাহাজটি ডুবল। তা ছাড়া গমগুলো আমদানি করা হয়েছিল ভারত থেকে।
এমভি তামিম জাহাজটি পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, চলতি পথে সাগরে থাকা একটি অদৃশ্য বস্তুর আঘাতে জাহাজটির তলা ফেটে ডুবতে শুরু করে। এরপর গমসহ পুরো জাহাজটিই ডুবে যায়। এতে আনুমানিক পৌনে সাত কোটি টাকার গম ছিল। যেগুলো ঢাকার কাচপুরে নাবিল ফ্লাওয়ার মিলে যাচ্ছিল। তিনি বলেন, ‘আমরা জাহাজটি ভাড়ায় নিয়ে এই গম পরিবহন করছিলাম। জাহাজটির কারিগরি কোনো সমস্যা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে এক হাজার ৬০০ টন গম ছোট জাহাজ এমভি তামিমে বোঝাই শেষ হয় গত মঙ্গলবার। সেদিন রাতে জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে কাচপুর নাবিল অটো ফ্লাওয়ার মিলে যাচ্ছিল। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের ভাসানচরের কাছে গিয়েই জাহাজটি ডুবে যায়।