শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুই থাকছে নাম, উদ্বোধন জুনের শেষ সপ্তাহে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ০৬:৩১ পূর্বাহ্ন

    পদ্মা সেতুই থাকছে নাম, উদ্বোধন জুনের শেষ সপ্তাহে

    পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম পদ্মা সেতুই থাকছে, নতুন কোনো নাম দেওয়া হবে না। আর আগামী জুন মাসের শেষ নাগাদ উদ্বোধন হবে বহু আকাঙ্ক্ষিত এ সেতু। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই পাঁচ-ছয়দিনের মধ্যে বিষয়টি ক্লিয়ার করবেন। পদ্মা সেতু জুনের শেষে উদ্বোধন হচ্ছে, এটা উনি (প্রধানমন্ত্রী) বলেই দিয়েছেন। আমরাও রেডি আছি। আশা করি, জুনের শেষ সপ্তাহের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে। উদ্বোধনের তারিখটা এখনো নির্ধারিত হয়নি। ডেটটা ধরে রাখেন জুনের শেষ দিকের কোনো একদিন, যেদিন উনি (প্রধানমন্ত্রী) কমফোর্ট ফিল করবেন।

    পদ্মা সেতুর নাম কী হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘পদ্মা সেতু’, ‘পদ্মা সেতু’ই থাকবে। সেতুর টোল বিষয়ে তিনি বলেন, যেখানেই ব্রিজ নির্মাণ করা হয়, স্ট্যান্ডার্ড হিসেবে ফেরির দেড় গুণ টোল ধরা হয়। সেটা ধরেই করা হয়েছে। অনেকে পদ্মা সেতুকে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে তুলনা করে। বঙ্গবন্ধু সেতু হলো পাঁচ কিলোমিটার আর পদ্মা সেতু হলো মোট ৯ দশমিক ৮৬ কিলোমিটার। প্রায় দ্বিগুণ।

    তিনি বলেন, পদ্মা সেতুর টাকা সেতু কর্তৃপক্ষকে ১ শতাংশ হারে সুদসহ সরকারকে ফেরত দিতে হবে। সুতরাং সেতু কর্তৃপক্ষকে ওই জায়গা থেকে টাকা উপার্জন করতে হবে। পৃথিবীর কোথাও এ ধরনের স্থাপনার ভেতর দিয়ে যাওয়ার সময় পয়সা না দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই।

    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ফিজিবিলিটি স্টাডিতে ছিল, ২৪-২৫ বছরের মধ্যে টাকা (পদ্মা সেতুর নির্মাণ ব্যয়) উঠে আসবে। এখন মনে হচ্ছে ১৬-১৭ বছরের মধ্যেই টাকাটা উঠে আসবে। ওই পারের অনেক উন্নয়নকাজ ফিজিবিলিটি স্টাডিতে আসেনি। মোংলা পোর্ট যে এত স্ট্রং হবে, পায়রা বন্দর হবে, এত শিল্পায়ন হবে—এগুলো কিন্তু আগে জানা যায়নি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ধারণা ছিল পদ্মা সেতু ১ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আনবে। এটা ২-এর কাছাকাছি চলে যাবে পাঁচ বছরের মধ্যে।

    এছাড়া সভায় ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। আইনের খসড়ায় বলা হয়েছে, কারো যদি খাজনা দেয়া তিন বছর বাকি থাকে, তাহলে প্রতি বছরের করের সঙ্গে ৬ দশমিক ২ শতাংশ বেশি দিতে হবে।

    এছাড়া সভায় হাটবাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’ শীর্ষক আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাটবাজার বসানো যাবে না। স্থানীয় হাটবাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে। কেউ যদি সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসায়, তাহলে সেটা সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে। এছাড়া ৫ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। সভায় ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি-২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    এদিকে মন্ত্রিসভার বৈঠকে বাজার পরিস্থিতি বিশ্লেষণে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, দ্রব্যের দাম কেন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী করতে হবে, কীভাবে দাম কমানো যাবে—এসব বিষয় নিয়ে পুরোপুরি একটা সামারি করার জন্য বাণিজ্য ও অর্থমন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় কী করণীয় সেটার বিষয় নিয়েও কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দু-তিনদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানাতে দুই মন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও টাকার বিপরীতে ডলারের দাম নিয়ন্ত্রণে  দু-তিনদিনের মধ্যে অর্থনৈতিক কৃচ্ছ্র সাধনের নতুন নীতি আসছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর