মৌলভীবাজারের রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাশ (৪২) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য ও তিন আসামি আহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোরে রাজনগরের মহাসহস্র নামক স্থানে পুলিশের পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন, শওকত মাসুদ ভূইয়া, সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। এছাড়া এসআই শতকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।