শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি, কমেছে গরম

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মে, ২০২২ ১২:৫১ অপরাহ্ন

     ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি, কমেছে গরম

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হয়েছে। শনিবার (২১ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। ঘন্টাখানেকের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ঝড়-বৃষ্টির পর গরমের মাত্রা কিছুটা কমে যাওয়ায় মানুষের মাঝে বেশ স্বস্তি আসে।

    জানা গেছে, রাজধানীতে ফজরের নামাজের পর পরই হঠাৎ ঝড় শুরু হয়। এতে ঘুমিয়ে থাকা অনেকেই জেগে যান। এদিন সকালে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হয় বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

    শনিবার সকাল থেকে কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও যশোর অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয় বলে জানা গেছে।

    গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়েছে। এ দিন খুলনা বিভাগ ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

    খুলনা বিভাগ বৃষ্টিহীন থাকায় যশোর ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মর্তবান উপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর