জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে মঙ্গলবার থেকে প্রচার করা হচ্ছে। তবে তার পরিবারের সদস্য এ খবরের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। হানিফ সংকেত সুস্থ্য আছেন এবং কোন সড়ক দুর্ঘটনা ঘটেনি বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
হানিফ সংকেত নিজেও এ ঘটনায় বিব্রত ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।
মৃত্যুর এ গুজব শুনে অনেকেই প্রকৃত তথ্য জানার জন্য গণমাধ্যমগুলোতে নজর রাখছেন। এ বিষয়ে হানিফ সংকেতের পরিবারের একজন সদস্য ক্ষোভ প্রকাশ করে জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর একেবারেই ভুয়া। কোনো ধরনের দুর্ঘটনাই ঘটেনি। হানিফ সংকেত সুস্থ আছেন।
এর আগে গত বছরের জুনে গুজব ছড়ানো হয়, ‘ইত্যাদি’র নিয়মিত আইটেম নানা-নাতির ‘নাতি’ নিপু মারা গেছেন। সে সময় হানিফ সংকেত গণমাধ্যমকে জানিয়েছিলেন, খবরটি ভুয়া। তিনি বলেছিলেন, ‘ফেসবুকে কিছু মানুষ আছে, তারা কোনো কিছু না বুঝেই উল্টাপাল্টা খবর ছড়ায়। নিজেদের পাবলিসিটি করে। এদের শাস্তির আওতায় আনা উচিত।’
হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।