মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৮ মে) বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান পৌঁছায়। সেখানে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকায় নামাজে জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ চিরশায়িত করা হবে।
আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে। যুক্তরাজ্য সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছেম শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে মরদেহ আনা হবে। বেলা সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা এবং সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
জানা গেছে, আবদুল গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তার প্রিয় স্বদেশ ভূমিতে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ দাফনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।