শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১৪টির মধ্যে ৪টিতে বিজয়ী বিএনপিপন্থীরা

    বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থিতদের নিরঙ্কুশ জয়

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন

    বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থিতদের নিরঙ্কুশ জয়

    বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ অর্থাৎ আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। সংস্থাটির নির্বাচন হওয়া ১৪ পদের মধ্যে ১০ পদেই জয় পেয়েছেন তারা। এর মধ্যে সাতটি সাধারণ আসনের মধ্যে চারটি এবং সাতটি গ্রুপ আসনের ৬ টিতে বিজয়ী হয়েছেন তারা। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল সাধারণ তিনটি এবং একটি গ্রুপ আসনে জয় পেয়েছে।

    রোববার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের নতুন ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা শুরু হয়। ভোর রাতে গণনা শেষ করে ফলাফল ঘোষণা হয়।

    সরকার সমর্থকদের সাদা প্যানেল থেকে সাধারণ আসনে বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা (১৭ হাজার ৪৩৩ ভোট, সর্বোচ্চ), অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (১৭ হাজার ৯৩ ভোট), অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল (১৬ হাজার ৮৪৪ ভোট) এবং অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু (১৫ হাজার ২৭ ভোট)।

    এ প্যানেলের গ্রুপ আসনে বিজয়ী ৬ প্রার্থী হলেন- ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতি (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ-এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।

    সাধারণ আসনে বিজয়ী বিএনপিপন্থি তিন প্রার্থী হলেন- ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (১৬ হাজার ৮১১ ভোট), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (১৫ হাজার ৯৬৫ ভোট) ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন (১৪ হাজার ৭৯৬ ভোট)। এ প্যানেল থেকে গ্রুপ আসনে একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ-সি) এ এস এম বদরুল আনোয়ার।

    এর আগে গত ২৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের ৯৩ কেন্দ্রের ১৬৪ বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    পরে বার কাউন্সিলের এক নোটিশে ২৯ মে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়। নির্বাচনে সাধারণ সাতটি আসনে ৩৫ জন প্রার্থী এবং গ্রুপ ভিত্তিক সাত আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বার কাউন্সিলের ১৫ পদের ১৪ পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হন বার কাউন্সিল চেয়ারম্যান।

    এর আগের নির্বাচনে (২০১৮) ১৪ আসনের ১২টিতে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অন্যদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিল মাত্র দুটি আসন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর