আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তির অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, যখন এমপিওভুক্তির ঘোষণা আসবে, তখন থেকে শিক্ষকরা এই সুবিধা পাবেন। এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হলে এই অর্থবছরের বাজেট থেকেই শিক্ষকরা এমপিও সুবিধা পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, জাতীয়করণের কাজ বেশ এগিয়েছে। এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।