দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহ গণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জনশুমারি ও গৃহগণনায় জনগণ যেন সক্রিয়ভাবে অংশ নিয়ে সঠিক তথ্য দেয় সেজন্য সংসদ সদস্যদের সহায়তা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
সোমবার সংসদে এক বিবৃতিতে পরিকল্পনা মন্ত্রী বলেন, সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা ও সব সংসদ সদস্যকে সার্বিক সহায়তা চেয়ে এরই মধ্যে উপানুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি সংসদেও উপস্থিত সবার প্রতি সহায়তার অনুরোধ জানান তিনি।
মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেনন। এছাড়াও, বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।