সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী তার পদে যোগদান করেছেন। গত ৫ জুন তিনি সচিবালয়ে নিজ দপ্তরে যোগদান করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। পরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।
গত বছরের ২৩ এপ্রিল সরকারের তত্কালীন অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ বি এম আমিন উল্লাহ নুরীকে পদায়ন করা হয়েছিল।
তিনি ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।